গাজীপুরে বাক্স বন্দি ‘পিসিআর’ মেশিন, ল্যাবে যন্ত্রপাতির অভাবে শুরু হয়নি পরীক্ষা!

বিশেষ প্রতিনিধি : গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ল্যাবে কোভিড-১৯ শনাক্তের জন্য ‘পলিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর)’ মেশিন পৌঁছালেও ল্যাবে যন্ত্রপাতির অভাব থাকায় নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়নি এখনো। তবে যন্ত্রপাতি ও সরঞ্জাম চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত একটি ‘পিসিআর’ মেশিন গত ১০ মে (রোববার) রাতে মেডিকেল কলেজের ল্যাবে এসে পৌঁছেছে বলে জানান শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আসাদ হোসেন।

পিসিআর মেশিনটি বাক্স বন্দি রয়েছে জানিয়ে অধ্যক্ষ মো. আসাদ হোসেন বলেন, চলমান করোনা পরিস্থিতিতে কোভিড-১৯ শনাক্তের জন্য মেশিনটি চালুর জন্য প্রয়োজনীয় ল্যাবরেটরি চিকিৎসক, তথা মাইক্রোবায়োলজিস্ট, টেকনোলজিস্টসহ পর্যাপ্ত জনবলসহ থাকলেও কিছু সরঞ্জামের অভাবে পিসিআর মেশিনটি এখনও চালু করা যায়নি, বাক্স বন্দি রয়েছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মাইক্রোবায়েলজিস্ট বিভাগের প্রধান প্রধান সহকারি অধ্যাপক এসকে সাইফুল আলম বলেন, মাইক্রোবায়োলজিস্ট, টেকনোলজিস্টসহ পর্যাপ্ত জনবল ও পিসিআর মেশিন রয়েছে তাদের। কিন্তু নেই বায়োসেপ্টিক কেবিনেটসহ আনুষঙ্গিক আরও কিছু সরঞ্জাম। এ কারণে এখানে পরীক্ষা শুরু করা যায়নি। এসব যন্ত্রপাতি ও সরঞ্জাম চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে তিনি জানান।

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পিসিআর মেশিন দিয়ে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু দ্রুত করোনা রোগীর শনাক্ত করা সম্ভব হবে। এতে এখানো বেশি সংখ্যক নমুনা পরীক্ষা করা যাবে। গড়ে গাজীপুর থেকে দৈনিক ১৫০-৩০০ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। যার ফল পেতে অনেক সময় লেগে যাচ্ছে। এটি চালু হলে রোগী ও আমাদের কষ্ট লাঘব হবে।

উল্লেখ্য: গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. মারুফুর রশিদ খান স্বাক্ষরিত এক চিঠিতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালটি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ঘোষণা করা হয়। এখন শুধু করোনা রোগীদের ভর্তি তথা আইসোলেশন ও চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

 

এ সংক্রান্ত আরো জানতে…..

শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালকে ‘কোভিড-১৯ ডেডিকেটেড’ হাসপাতাল ঘোষণা