গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১১৬২ জন।
বুধবার (১৩ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৪১টি ল্যাব থেকে ৭ হাজার ৮৬২টি। নমুনা পরীক্ষা করেছি ৭ হাজার ৯০০টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ১৬২ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮২২ জন।’
অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৯ জন।’
এর আগে মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৯৬৯ জন, মৃত্যু হয় ১১ জনের। তার আগের দিন সোমবার শনাক্ত হয় ১ হাজার ৩৪ জন, মারা যায় ১১ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।