গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ায় হতদরিদ্র পরিবারের মধ্যে ‘খাদ্যবান্ধব কর্মসূচী’র ১০ টাকা কেজির চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৯ মে) বিকেলে চাঁদপুর ইউনিয়নের নলগাঁও বাজারে ওই অভিযান পরিচালনা করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করেছেন কাপাসিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ ইসমত আরা।

দণ্ডিত ডিলার খোকন মিয়া (৩৫)। সে কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের ১০ টাকা কেজি দরে (ওএমএস) চাল বিক্রির তালিকাভুক্ত ডিলার।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা বলেন, দণ্ডিত ডিলারের বিরুদ্ধে একজন উপকারভোগীর কাছে একাধিক কার্ডধারীর চাল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ডিলার একজনের মাধ্যমে একাধিক উপকারভোগীর স্বাক্ষর রেখে ওইসব কার্ডধারীদের চাল বিক্রি করেছে এমন অভিযোগে শুক্রবার বিকেলে সরেজমিনে নলগাঁও বাজারে গিয়ে চাল বিক্রির সময় ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
আরো জানতে…….
চাল আত্মসাতের অভিযোগে কাপাসিয়ার ২ ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত
কাপাসিয়ায় চাল আত্মসাতের দায়ে ইউপি মেম্বারকে দুই মাসের কারাদণ্ড