গাজীপুর কণ্ঠ ডেস্ক : কোভিড-১৯ মহামারীর বিস্তার নিয়ন্ত্রণে চলমান লকডাউনের কারণে সারাদেশে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে ‘প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা’ কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হচ্ছে। চলমান এই কর্মসূচির টাকা আত্মসাতের উদ্দেশ্যে কাপাসিয়ায় নিজ পরিবারের সদস্যের নাম ও মোবাইল নাম্বার অন্তর্ভুক্ত করার অভিযোগে এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়েছে।
কাপাসিয়ার টোক ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুল বাতেনকে এ জরিমানা করা হয়।
সত্যতা নিশ্চিত করেছেন কাপাসিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা’ কর্মসূচির টাকা আত্মসাতের উদ্দেশ্যে কাপাসিয়ার টোক ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুল বাতেন তাঁর নিজ পরিবারের ৬ সদস্যের নাম ও মোবাইল নাম্বার অন্তর্ভুক্ত করেছে। এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এর সত্যতা পাওয়া যায়। পরে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাপাসিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা বলেন, ‘প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা’ কর্মসূচির টাকা আত্মসাতের উদ্দেশ্যে ইউপি সদস্য (মেম্বার) আব্দুল বাতেন তাঁর নিজ পরিবারের ৬ সদস্যের নাম ও মোবাইল নাম্বার অন্তর্ভুক্ত করে। এই অভিযোগের সত্যতা পাওয়ায় ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২’ এর ৩৯ ধারা আনুযায়ী ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।