গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে প্রতিদিনই করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের সংখ্যায় রেকর্ড অব্যাহত রয়েছে। নতুন করে আরও শনাক্ত হলেন ৮৯ জন। শুধু সংক্রমণ বৃদ্ধি নয়। করোনার জেরে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বৃদ্ধিও উদ্বেগ বাড়াচ্ছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জনের।
এ পর্যন্ত গাজীপুরে মোট করোনা শনাক্তের সংখ্যাও ১ হাজার ৭৯৩ জন।
সোমবার (৮ জুন) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।
সিভিল সার্জন বলেন, ‘গাজীপুর থেকে পাঠানো ৫৭৩ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৮৯ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে (মহানগর) ৮৩ জন এবং কালিয়াকৈরে ৬ জন’।
তিনি আরো বলেন, ‘এ পর্যন্ত গাজীপুরে ১৩ হাজার ৯৬১ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ১ হাজার ৭৯৩ জনের। কোভিড-১৯ শনাক্ত হয়ে এবং মৃত্যুর পর পরীক্ষায় শনাক্ত হয়েছে মোট ১৭ জনের‘।
‘সর্বাধিক ১ হাজার ২১৩ জন সদরে (মহানগর)। এছাড়াও কালিয়াকৈরে ১৮৭, কালীগঞ্জে ১৬১ জন, শ্রীপুরে ১১৮ জন এবং কাপাসিয়ায় ১১৪ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
গাজীপুরে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়লেও, সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩৩২ জন। প্রতিকূল পরিস্থিতিতে এটাই আশার আলো।