ভবানীপুরে প্রাইভেটকারের ধাক্কায় নারীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকার প্রাইভেটকারের ধাক্কায় সান্তনা রানী বর্মন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় অপর দুই নারী আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সান্তনা রানী বর্মন টাঙ্গাইলের মধুপুর থানার পীরগাছা এলাকার সুনীল চন্দ্র বর্মণের স্ত্রী। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাৎক্ষণিকভাবে পোশাক কারখানার নাম এবং আহত ওই দুই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

নাওজোর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদুজ্জামান জানান, সান্তনা রানীসহ তিন নারী সকাল সাড়ে ৮টার দিকে ভবানীপুর এলাকা দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে মহাসড়কে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে সান্তনা রানী ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন অপর দুই নারী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এসআই আরো জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক প্রাইভেটকার ও তার চালককে আটকের চেষ্টা চলছে।