কালীগঞ্জে ‘স্বাস্থ্য বিধি অমান্য’ করার দায়ে ৯ হাজার টাকা জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কালীগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৭ মামলায় ৯ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৮ জুলাই) এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘সরকারি নির্দেশনা’ অমান্য করে কালীগঞ্জ বাজারে স্বাস্থ্য বিধি অমান্য করে দোকান পরিচালনা করার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে তিন দোকান মালিককে এবং মাস্ক না পরায় ৪ ব্যক্তিকে মোট ৯ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। কালীগঞ্জ বাজারের ঘোষ বস্ত্রালয় ১ হাজার টাকা, ঘোষ ডিপার্টমেন্ট স্টোর ২ হাজার টাকা এবং প্রিয় কনফেকশনারী ৫ শ’ টাকা এবং ৪ ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয়রা বলেন, স্বাস্থ্য বিধি অমান্য করে অনেক দোকানেই মানুষের ভিড় লেগে থাকে সব সময়। নানা বয়সের নারী-পুুরুষ শিশু ও বাচ্চাদের নিয়ে শপিং করতে এসে একদিকে যেমন সরকারি নির্দেশনা অমান্য করছে অপরদিকে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিও বাড়াচ্ছে।

কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বুধবার কালীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্য বিধি অমান্য করে দোকান পরিচালনা এবং মাস্ক না পরায় দায়ে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মূল) আইন, ২০১৮’ অনূ্যায়ী ৭ জনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন কালীগঞ্জ থানা পুলিশের সদস্যরা’।

তিনি আরো বলেন, ‘‘স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে করোনাকে জয় করতে হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য সুরক্ষায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচলনা করা হবে’।