গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ থেকে বিদেশ গমনকারীদের জন্য করোনা (কোভিড-১৯) পরীক্ষার সনদ (নেগেটিভ) বাধ্যতামূলক করেছে সরকার। সরকারের এই সিদ্ধান্ত আগামী ২৩ জুলাই থেকে কার্যকর হবে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জুলাই আন্তঃমন্ত্রণালয় সভায় বিদেশ গমনেচ্ছু যাত্রীদের করোনা মুক্ত সনদ নিয়ে বিদেশ যেতে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সে কারণে বিদেশ গমনেচ্ছুদের সরকার ঘোষিত করোনা পরীক্ষা সংক্রান্ত নিম্নরূপ নির্দেশনাবলী প্রতিপালন করতে হবে।
নির্দেশনাগুলো হলো- যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা পূর্বে রিপোর্ট নেয়ার ব্যবস্থা করতে হবে, নমুনা প্রদানের সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে, করোনা পরীক্ষার নিমিত্তে নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা প্রদান করবেন, নমুনা প্রদানের পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন, বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা প্রদানের ক্ষেত্রে ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০ টাকা ফি প্রদান করতে হবে।
এছাড়াও কোথায় কোথায় বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষা করা হবে তারও তালিকা দেয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। সেখানে ১৬টি সরকারি হাসপাতালের নাম উল্লেখ করা হয়েছে।
হাসপাতালগুলো হলো- বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ, চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস, কক্সবাজার মেডিক্যাল কলেজ, কুমিল্লা মেডিক্যাল কলেজ, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, জনস্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ, রাজশাহী মেডিক্যাল কলেজ, দিনাজপুরের এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ, রংপুর মেডিক্যাল কলেজ এবং সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ।