শ্রীপুরে চলন্ত ট্রাক থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বালু বোঝাই চলন্ত ট্রাক থেকে পড়ে হারুন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(২৩ জুলাই) ভোর পাঁচটার দিকে শ্রীপুরের ১ নং সিএমবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সত্যতা নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন।

নিহত হারুন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ভাটিরচর নোয়াপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। সে ট্রাকে মালামাল লোড অনলোড করার কাজ করতো।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১ নং সিএমবি এলাকায় ভোর পাঁচটার দিকে গাজীপুরগামী বালু বোঝাই চলন্ত ট্রাক থেকে পড়ে যায় হারুন নামে এক শ্রমিক। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হারুন অজ্ঞাত ওই ট্রাকের পেছনে চড়ে ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে ওই ট্রাকটি পাওয়া যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।