বিশ্বে প্রথম ভ্যাকসিনের অনুমোদন দিলো রাশিয়া

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই তথ্য জানান। এর মধ্যে দিয়ে বিশ্বে রাশিয়াই প্রথম করোনার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিলো।

ইতোমধ্যে তার মেয়ে এই ভ্যাকসিন নিয়েছেন বলেও জানান ভ্লাদিমির পুতিন। ১১ আগস্ট, মঙ্গলবার রাশিয়ার সংবাদমাধ্যম আরটি এমন খবর প্রকাশ করে।

পুতিন আরো বলেন, মঙ্গলবার মস্কোর গামালিয়া ইনস্টিটিউটের তৈরি করা এই ভ্যাকসিন রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়েছে। শিগগিরই গণহারে এই ভ্যাকসিনের উৎপাদন শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরো বলেন, এর মধ্যেই তার নিজের মেয়ে করোনার এই ভ্যাকসিন নিয়েছেন। ভ্যাকসিন নেয়ার পর তার মেয়ের শরীরের তাপমাত্রা হালকা বৃদ্ধি পেয়েছিল। কিন্তু দ্রুতই তা কমে যায়।

এ বিষয়ে পুতিন বলেন, ‘আজকের সকালে বিশ্বে প্রথম করোনার টিকা নিবন্ধন করা হলো। আমার এক মেয়ে ভ্যাকসিনটি নিয়েছে। এদিক থেকে তিনি ভ্যাকসিনের পরীক্ষায় অংশ নিয়েছেন। ভ্যাকসিন নেওয়ার পর তার শরীরের তাপমাত্রা ৩৮ হয়েছিল, পরদিন ৩৭। এতটুকুই।’

এদিকে দেশটির উপ-প্রধানমন্ত্রী ট্যাটিয়ানা গোলিকোভা বলেন, সেপ্টেম্বরের শুরুর দিকে স্বাস্থ্যকর্মীদের মাঝে প্রথম এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তবে সাধারণ জনগণের জন্য ভ্যাকসিনটি সহজলভ্য হবে আগামী বছরের জানুয়ারির শুরুতে।

বিশ্বে প্রথম হিসেবে রাশিয়ার অনুমোদিত করোনার এই ভ্যাকসিনের সুরক্ষা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে মানবদেহে পরীক্ষার মাত্র দুই মাসের মধ্যে ভ্যাকসিনটি চূড়ান্ত অনুমোদন পাওয়ায় অনেকেই রাশিয়ার বৈজ্ঞানিক সক্ষমতারও প্রশংসা করেছেন।

প্রসঙ্গত ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, ১১ আগস্ট, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ২ কোটি ২ লাখ ৪৯ হাজার ৫৫৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৭ লাখ ৩৮ হাজার ৭২৬ জন ইতোমধ্যে মারা গেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৩১ লাখ ১৩ হাজার ২৩১ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬৩ লাখ ৯৭ হাজার ৫৯৬ জন করোনারোগী, যাদের মধ্যে ৬৪ হাজার ৫৪২ জনের অবস্থা আশঙ্কাজনক।