গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকার একটি সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত (২২) নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) ভোরে লাশটি উদ্ধার করা হয়।
সত্যতা নিশ্চিত করেছেন জিএমপি’র কোনাবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ ও স্থানীয়রা জানান, দেওয়ালিয়াবাড়ি এলাকায় প্রবাসী আনোয়ার হোসেনের বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ পেয়ে ভাড়াটিয়ারা কেয়ারটেকার সুমনকে জানায়। পরে সেপটিক ট্যাংক খুলে ভেতরে বস্তা দেখে থানায় খবর দেওয়া হয়।
উপ পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ জানান, খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে সেপটিক ট্যাংক থেকে বস্তাটি উদ্ধার করলে বস্তা থেকে ওই নারীর গলাকাটা লাশ পাওয়া যায়। ধরণা করা হচ্ছে ৬-৭ দিন আগে হত্যা করা হয়েছে। ওই নারীর নাম পরিচয় পাওয়া যায় নি। বয়স আনুমানিক ২২ বছর।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।