কাপাসিয়ায় শিক্ষার্থীদের প্রশংসাপত্র দিতে টাকা আদায়, প্রধান শিক্ষককে জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ায় কড়িহাতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রশংসাপত্র দিতে টাকা আদায়ে অভিযোগে ওই স্কুলের প্রধান শিক্ষককে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একইসাথে শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতি শিক্ষার্থীর কাছ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রশংসাপত্র দেয়ার নামে ৫০০টাকা করে আদায় করছে বলে অভিযোগ পাওয়া যায়। এর প্রেক্ষিতে মঙ্গলবার কড়িহতা উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে তদন্ত করে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে কর্তৃপক্ষ টাকা আদায়ের যে অভিযোগ ছিল তা প্রমাণিত হয়। পরে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টে পরিচালনা করে সরকারি আদেশ অমান্য করার অভিযোগে প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাদের কাছ থেকে টাকা আদায় করেছে তা ফেরত দেয়ার এবং অন্য কারো কাছ থেকে প্রশংসাপত্র দেয়ার জন্য আর অর্থ না নেয়ার মুচলেকা দেন প্রধান শিক্ষক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীর অভিভাবক জানান, তার এক মেয়ে ওই স্কুল থেকে গেল এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কলেজে ভর্তির জন্য মেয়ের প্রশংসাপত্র নিতে গেলে তা দেয়া হচ্ছিল না। ৫০০টাকার কমে কাউকেই প্রশংসাপত্র দিচ্ছিলেন না প্রধান শিক্ষক। পরে এ ব্যাপারে ইউএনও’র কাছে অভিযোগ দেই।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা বলেন, ওই স্কুলের প্রধান শিক্ষককে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে এবং শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, কাপাসিয়ার বর্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদীতে মৎস চলাচল ও প্রজননে প্রতিবন্ধকতা (বাঁধ) তৈরির অভিযোগে এক জেলেকে ১০হাজার টাকা জরিমানা ও নদীর তিন স্থানের প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে।