গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের শূন্যপদে (চেয়ারম্যান) উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর।
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব (নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২) মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত নির্বাচন সংক্রান্ত এক পত্রে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এ তথ্য জানা যায়।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ২০ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুসরে নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে সাধারণ নির্বাচন এবং বিভিন্ন শূন্য পদে উপ-নির্বাচনের সময়সূচি নির্ধারণ করেছে।
মৃত্যুজনিত কারণে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের শূন্য ঘোষিত চেয়ারম্যান পদে উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর মঙ্গলবার। একই সঙ্গে ওই দিন মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
উপনির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর বুধবার। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের ২৬ সেপ্টেম্বর শনিবার এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩ অক্টোবর শনিবার।
উল্লেখ্য : গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর ৪ টা ৩৪ মিনিটে চিকিৎসারত অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে মারা গেছেন কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির মিয়া। এরপর নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আগে ২০১৬ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে নির্বাচিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে বাংলাদেশ নির্বাচন কমিশন ২০১৬ সালের ১১ এপ্রিল নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আব্দুল কাদির মিয়ার নাম অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে।
এছাড়াও মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সাধারণ সদস্য জসিম উদ্দিন (৫৫) গত ১৪ জুন (রোববার) দুপুর সাড়ে ৩টার দিকে জয়দেবপুর-ইটাখোলা সড়কে কালীগঞ্জের দুবুরিয়া নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।
আরো জানতে….
নাগরী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির মিয়ার ইন্তেকাল
কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত