গাজীপুরে ‘নগদ’-এর প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বিক্রয় কর্মকর্তা উধাও!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল মোবাইল ব্যাংকিং ‘নগদ’ এর গাজীপুর সদর এলাকার পরিবেশকের ১৩ লাখ ৭১ হাজার টাকা নিয়ে এক বিক্রয় কর্মকর্তা উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

এ ঘটনায় বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় এ মামলা দায়ের করা হয়েছে।

‘নগদ’ এর অনুমোদিত পরিবেশক ব্রাদার্স স্টীল টেডার্সের মালিক মোঃ মহি উদ্দিন বলেন, মহানগরের চান্দনা চৌরাস্তায় বাগদাদ তানজিয়া টাওয়ারে অবস্থিত অফিস থেকে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল মোবাইল ব্যাংকিং ‘নগদ’ এর গাজীপুর সদর এলাকায় অনুমোদিত পরিবেশক হিসেবে কার্যক্রম পরিচালনা করি। আমার প্রতিষ্ঠানে নাঈম ইসলাম (২২) নামে এক যুবক বিক্রয় প্রতিনিধি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিল।

গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর প্রতিনিধি কর্মকর্তা নাঈম মোবাইল ব্যাংকিং ‘নগদ’ এর ১৩ লাখ ৭১ হাজার টাকা মার্কেট থেকে উঠিয়ে তা নিয়ে উধাও হয়ে যায়। সে জামালপুর জেলার বক্সীগঞ্জ থানার সূর্য্যনগর গ্রামের আঃ সাত্তারের ছেলে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত নাঈমের কোন সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় আমার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আরিফুর রহমান খান বাদী হয়ে নাঈম ইসলাম এবং তার সহযোগী অজ্ঞাতনামা একজনকে আসামি করে বাসন থানায় মামলা দায়ের করেছেন।

জিএমপি’র বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।