গাজীপুর কণ্ঠ ডেস্ক : যেকোনো দুর্যোগে, যেকোনো পরিস্থিতিতে মানুষ যখনই কোন অসহায় অবস্থায় পড়েছে তখনই পাশে দাঁঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। জঙ্গিবাদ দমন থেকে শুরু করে কোভিড পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ পুলিশের প্রাগ্রসর ভূমিকা আমাদেরকে মনে করিয়ে দেয় বঙ্গবন্ধুর সেই ‘জনতার পুলিশের’ কথা।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (এমপি) এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ পুলিশ ধীরে ধীরে সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর ‘জনতার পুলিশ’ এবং মাননীয় প্রধানমন্ত্রীর ‘জনবান্ধব পুলিশে’ রূপান্তরিত হচ্ছে। আমাদের বর্তমান পুলিশ আর সেই আগের পুলিশ নয়; আমরা এখন তাদের নাগরিক সেবার প্রত্যয় দেখে গর্ববোধ করি।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম(বার)।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময় নাগরিক সেবাকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আইজিপি’র প্রায়োগিক বিট পুলিশিং কার্যক্রমকে অধিকতর ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। সেই সাথে বাংলাদেশ পুলিশের দুই লক্ষাধিক সদস্য যাতে বিকেন্দ্রিভূত হয়ে নিবিড় পুলিশিং সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে পারে, সেজন্য তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে বিভাগীয় ও জেলা পর্যায়ে ‘পুলিশ মেডিকেল সার্ভিসেস’ গঠনের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা আলোচনা করা হয়।

বাংলাদেশ পুলিশের সদস্যরা যাতে ঢাকামুখী না হয়ে, জেলা শহর কেন্দ্রিক চাকরির চিন্তা করেন সেজন্য বিভাগীয় পর্যায়ে পুলিশ সদস্যদের সন্তানদের জন্য উন্নত মানের বিদ্যাপীঠ প্রকল্প নেয়ার বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, অতিরিক্ত সচিব ড. মোঃ হারুন-অর-রশিদ বিশ্বাসসহ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপিরা এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোস্তাফা কামাল উদ্দীন বলেন, বাংলাদেশ পুলিশ ইতিমধ্যেই অপরাধ নির্মূলে তাদের দক্ষতা ও সক্ষমতার পরিচয় দিয়েছেন। ভবিষ্যতমুখী, প্রযুক্তিনির্ভর, চৌকস এই বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকল্পে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে চলেছে।
আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্বরাষ্ট্রমন্ত্রী, সিনিয়র সচিবসহ উপস্থিত সকলকে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে এই মতবিনিময় সভায় যোগ দেয়ায় ধন্যবাদ জানান এবং আবারো পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।