গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের জিরানী এলাকায় প্রাইভেটকারের ভেতর এক নারীকে ধর্ষণের অভিযোগে পিন্টু মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে অভিযুক্ত যুবককে আটক করা হয়।
এর আগে বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে ধর্ষণের ঘটনাটি ঘটে।
আটক পিন্টু মিয়া কালিয়াকৈর উপজেলার বলিয়াদী নাওলা এলাকার আব্দুল বারেকের ছেলে। তিনি ভাড়ায় চালিত প্রাইভেটকারের চালক।
পুলিশ জানায়, কালিয়াকৈরে বাসা ভাড়া থেকে জিরানী এলাকায় বিউটি পার্লারে চাকরি করেন ধর্ষণের শিকার ওই নারী। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের বাসাইল থানা এলাকায়। ভিকটিম ও ধর্ষক পিন্টু মিয়া পূর্ব পরিচিত। বুধবার রাতে ভিকটিম তার ছেলে ও বান্ধবীকে নিয়ে রাস্তার পাশে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন।
এ সময় পিন্টু মিয়া যাওয়ার পথে তাদের সবাইকে প্রাইভেটকারে তুলে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় চটপটি খাওয়াতে নিয়ে যান। পরে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে জিরানী এলাকায় হালিম খাওয়ার জন্য ভিকটিমের ছেলে ও বান্ধবী গাড়ি থেকে নেমে হালিমের দোকানে যায়। সেই সুযোগে পিন্টু মিয়া ভিকটিম ওই নারীকে পাশেই নির্জন স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকারের ভেতরে ধর্ষণ করেন। ঘটনাটি ফাঁস করলে তাকে হত্যার হুমকি দেন অভিযুক্ত পিন্টু মিয়া।
বৃহস্পতিবার দুপুরে ভিকটিম মামলা করতে ভুলবশত আশুলিয়া থানায় যান। খবর পেয়ে পিন্টু মিয়া ঘটনার মীমাংসা করতে ভিকটিমের সঙ্গে দেখা করতে আশুলিয়া থানায় যান। এ সময় আশুলিয়া থানা পুলিশ পিন্টু মিয়াকে আটক করে কাশিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এ কে মানিক বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিমকে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।