আগাম জামিন পেলেন নিক্সন চৌধুরী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চ শর্তসাপেক্ষে তাকে এ জামিন দেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মুজিবর রহমান চৌধুরী নিক্সন সকালে আগাম জামিনের আবেদনের শুনানির জন্য হাই কোর্টে উপস্থিত হন। শুনানিতে নিক্সন চৌধুরীর আইনজীবী ছিলেন ড. শাহদীন মালিক ও মনজুর আলম।

গত বৃহস্পতিবার ফরিদপুরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম চরভদ্রাসন থানায় মামলা করার পর আগাম জামিনের জন্য হাই কোর্টে আবেদন করেছিলেন নিক্সন চৌধুরী।

মামলার এজাহার অনুযায়ী, গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলার উপ নির্বাচনে কেন্দ্রভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করায় জেলা প্রশাসক অতুল সরকারের কাছে টেলিফোনে এর কৈফিয়ত দাবি করেন সাংসদ নিক্সন। তার প্রার্থী হেরে গেলে মহাসড়ক অবরোধ করবেন- এমন হুমকি দিয়ে নিক্সন জেলা প্রশাসকের সঙ্গে অশোভন আচরণ করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।