পূবাইলে ডোবার পাশ থেকে দিনমজুরের লাশ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের হায়দ্রবাদ হাজিপাড়া এলাকা থেকে মোফজ্জল হোসেন ওরফে তোফাজ্জল (৩৮) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের ঘাড়ের পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) রাত ১১টায় দিকে ওই এলাকার একটি ডোবার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোফজ্জল হোসেন ওরফে তোফাজ্জল জামালপুরের আব্দুল মজিদের ছেলে। তিনি পূবাইল এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুরের কাজ করতেন।

জিএমপি’র পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক ভূইয়া জানান, ‘শুক্রবার রাতে মোফাজ্জল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। শনিবার রাত ৮টার দিকে হাজিপাড়া এলাকায় এক ডোবার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে রাত ১১টায় দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে’।

ওসি আরো বলেন, “নিহতের ঘাড়ের পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তদন্তের আগে বিস্তারিত বলা সম্ভব নয়।”