মরিশাসে বাস দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে এক বাস দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো আট জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর)  স্থানীয় সময় সকালে পোর্ট লুইসে বাসে করে কোম্পানিতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

এছাড়াও প্রায় ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ডরমিটরিতে ফেরত গেছেন। নিহতরা হলেন- ফারুক ইসলাম, সঞ্জয় দাস, রকিব মোল্লা ও আবদুর রাজ্জাক।

দেশটিতে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে রেজিনা আহমেদ জানান, প্রায় ৫০ জন বাংলাদেশি শ্রমিক নিয়ে বাসটি কোম্পানি অফিসের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আরেকজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। এছাড়া আট জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলেও জানান তিনি।

তিনি আরো জানান, তিনি হাসপাতালে গিয়েছিলেন এবং তার সঙ্গে মরিশাসের শ্রমমন্ত্রীও গিয়েছিলেন। সেখানে অবস্থানরত শ্রমিকদের সঙ্গে তিনি কথাও বলেন।

রাষ্ট্রদূত আরো জানান, মৃতদেহগুলো দেশে পাঠানো এখন প্রথম দায়িত্ব। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন ও মৃতদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, মরিশাসে প্রায় ২৫ হাজার বাংলাদেশি কাজ করেন।