নির্বাচনী প্রচারণার মাঠ থেকে স্বতন্ত্রপ্রার্থী নিখোঁজ, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ, থানা ঘেরাও

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনী প্রচারণার মাঠ থেকে নিখোঁজ হয়েছেন স্বতন্ত্রমেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে কালকিনি থানা ঘেরাও করেছেন তার স্বজন ও সমর্থকরা।

স্বজন ও সমর্থকরা জানান, শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কালকিনি পৌর এলাকার পালপাড়ায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন স্বতন্ত্রমেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ। এ সময় তার ব্যবহৃত মুঠোফোনে একটি ফোন আসে। তাৎক্ষণিক কালকিনি থানার (ওসি) গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হন। পরে সেখান থেকে সবুজকে পুলিশের গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই সবুজ নিখোঁজ ছিলেন। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে কালকিনি থানা ঘেরাও করা হয়। টায়ার জ্বালিয়ে স্লোগান দেন বিক্ষুব্ধরা। এ সময় কালকিনি-ভুরঘাটা ও কালকিনি-মাদারীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ দিকে বিক্ষোভ মিছিলে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে হামলা চালায় নৌকার সমর্থকরা। পরে দু‘পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত অর্ধশত মানুষ। ভাংচুর করা হয় বেশকিছু দোকানপাট।

এ ব্যাপারে কথা বলতে চাইলে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হয়নি পুলিশ। তবে সবুজকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টিও অস্বীকার করেছে তারা।