শ্রীপুরে অটোরিকশা চাপায় এক শিশুর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের বরকুল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় মোরশাদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) দুপুরে বরমী-কাওরাইদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মোরশাদ শ্রীপুর উপজেলার বরকুল এলাকার আমির হোসেনের ছেলে। সে স্থানীয় আল-মদিনা কিন্ডার গার্টেনের প্লে শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, বরকুল এলাকায় বাড়ি সংলগ্ন বরমী-কাওরাইদ সড়কের পাশে মায়ের সঙ্গে দাঁড়িয়ে ছিলো মোরশাদ। এক সময় সে রাস্তার উপরে যায়। একপর্যায়ে দ্রুত গতির একটি অটোরিকশা মোরশাদকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মোরশাদ মারা যায়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, পুলিশে খবর না দিয়েই মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।