ইউপি নির্বাচন: মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৯ এপ্রিল (শুক্রবার) মধ্যরাত থেকে ১২ এপ্রিল (সোমবার) সকাল ৬টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৫ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) নির্বাচন পরিচালনা শাখা-২ এর উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনযায়ী কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া, বক্তারপুর, জাঙ্গালিয়া, বাহাদুরসাদী, জামালপুর এবং মোক্তারপুর ইউনিয়ন পরিষদে আগামী ১১ এপ্রিল (রোববার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ৯ এপ্রিল (শুক্রবার) মধ্যরাত থেকে ১২ এপ্রিল (সোমবার) সকাল ৬টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি ১০ এপ্রিল (শনিবার) মধ্যরাত থেকে ১১ এপ্রিল (রোববার) মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক এবং পিকআপ চলাচল করতে পারবে না।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট এবং দেশি/বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ কড়াকড়ি শিথিল করা যাবে। সেক্ষেত্রে তাদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগের যানবাহন নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

জাতীয় মহাসড়কে চলাচলরত এবং বন্দর ও জরুরি পণ্য সরবরাহে নিয়োজিত যানবাহনের ক্ষেত্রেও প্রয়োজনে এ নিষেধাজ্ঞা শিথিল করা যাবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কালীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে ছয় ইউনিয়নে চেয়ারম্যানের ছয় পদসহ মোট ৭৮টি পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২৯৩ প্রার্থী। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৮৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচনের রিটানিং কর্মকর্তারা। এর মধ্যে চেয়ারম্যান পদে ২০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৫৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে সাধারণ সদস্য পদে ২১৩ প্রার্থীর মধ্যে ২০৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল।

মনোনয়ন বাতিল: ঋণখেলাপির অভিযোগে জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গাজী সারওয়ার হোসেনের মনোনয়ন বাতিল করে রিটানিং কর্মকর্তা। এছাড়াও সাধারণ সদস্য পদে তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সাগর রোজারিও, জামালপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের নুরুল ইসলাম সরকার, মোক্তারপুর ইউনিয়ন পরিষদে ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য রিপন সরকার এবং ৬ নং ওয়ার্ডের সাধারণ সদস্য আকরাম হোসেন মনোনয়ন বাতিল করেন রিটানিং কর্মকর্তা।

আপিল: আপিল করে প্রার্থিতা ফিরে পান জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গাজী সারওয়ার হোসেন এবং তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী সাগর রোজারিও।

মনোনয়নপত্র প্রত্যাহার : মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত দিনের (২৪ মার্চ) মধ্যেই রিটার্নিং অফিসারে কাছ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহারে আবেদন করেন তুমুলিয়ায় জাকের পার্টি মনোনীত প্রার্থী মো.মনিরুজ্জামান এবং মোক্তারপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো.আব্দুল ছালাম প্রধান। বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী মো.জয়নাল আবেদীন শেখ। এছাড়াও তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ৬ ওয়ার্ডে সাধারণ সদস্য পদের প্রার্থী কবির কাজী, আজাহার এবং হেমায়েত ভূঞা এবং মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ১ নং আসনে সংরিক্ষিত সদস্য পদের প্রার্থী সেলিনা আক্তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত: প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় তুমুলিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবু বকর মিঞা বাক্কু এবং মোক্তারপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আলমগীর হোসেনকে নির্বাচিত ঘোষণা করা হয়।

এছাড়াও তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ৬ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় বদরুজ্জামান সরকার মোমেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

অপরদিকে জামালপুর ইউনিয়ন পরিষদের ২ নং আসনে সংরক্ষিত সদস্য পদে সায়েলা জামান একক প্রার্থী থাকায় এবং প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় মোক্তারপুরে ১ নং আসনে হোসনে আরা বেগমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

 

আরো জানতে….

কালীগঞ্জে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগের দুই প্রার্থী

কালীগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য নির্বাচিত আওয়ামী লীগ নেতা মোমেন

ইউপি নির্বাচন: কালীগঞ্জে চেয়ারম্যান পদে ২০ প্রার্থীসহ ২৮৮ জনের মনোনয়ন বৈধ

কালীগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বর্তমান ৫ চেয়ারম্যান এবং নতুন ১ প্রার্থী

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার নয়: ২টার আগে ও ৮টার পরে মাইক বাজানো যাবে না

ইউপি নির্বাচন: কালীগঞ্জের ছয় ইউনিয়নে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ১২ জন

ইউপি ভোট: নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাহার পক্ষ অনুদান-ত্রাণ বিতরণ নয়

‘মাইম্যান প্রার্থী করতে জনপ্রিয়দের বাদ’, দলীয় ফরম বিক্রি উন্মুক্ত করল আওয়ামী লীগ

কালীগঞ্জের ৬ ইউনিয়নে ভোট ১১ এপ্রিল: সীমানা সংক্রান্ত জটিলতায় নাগরী!