গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ১৫০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৩০৬ জন। এ নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো সাত লাখ ৪৮ হাজার ৬২৮ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন চার হাজার ২৪১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ছয় লাখ ৬১ হাজার ৬৯৩ জন।
সোমবার (২৬ এপ্রিল) করোনা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৫ হাজার ৮৬৪টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৭৮৬টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ৭১ হাজার ২৮৭টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৩৯ লাখ ৭৪ হাজার ৮৪৭টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৯৬ হাজার ৪৪০টি।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৩৯ শতাংশ। মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
মারা যাওয়া ৯৭ জনের মধ্যে পুরুষ ৬১ জন, আর নারী ৩৬ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন আট হাজার ১৮১ জন এবং নারী দুই হাজার ৯৬৯ জন।
বয়স বিবেচনায় এদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ৫৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ২১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চার জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন।
মারা যাওয়া ৯৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ৬৩ জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, রাজশাহীর চার জন, খুলনা ও সিলেটের ছয় জন করে, বরিশালের তিন, রংপুরের দুই, ময়মনসিংহের একজন।
এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৪৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৪ জন। বাসায় মারা গেছেন তিন জন। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে।