গাজীপুর কণ্ঠ ডেস্ক : সদর উপজেলার হালডোবা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মানসিক প্রতিবন্ধী অজ্ঞাত(৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ মে) ভোর চারটার দিকে রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সত্যতা নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম।
এসআই মো. হামিদুল ইসলাম বলেন, শুক্রবার ভোর চারটার দিকে হালডোবা এলাকায় মানসিক প্রতিবন্ধী ওই ব্যক্তিকে অজ্ঞাত কোন গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভোর পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরনে কফি রঙের প্যান্ট ও নেভি ব্লু রঙের গেঞ্জি রয়েছে।
তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।