গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের দালান বাজারে নকল ব্যান্ড রোল ব্যবহার করে ভ্যাট এবং রাজস্ব ফাঁকি দিয়ে বিরি উৎপাদন, মজুদ এবং বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
সোমবার (১৪ জুন) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি।
জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের দালান বাজারে অসাধু ব্যবসায়ীরা নকল ব্যান্ড রোল ব্যবহার করে ভ্যাট এবং রাজস্ব ফাঁকি দিয়ে বিরি উৎপাদন, মজুদ এবং বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনার সত্যতা পেয়ে মোবাইল কোর্টের মাধ্যমে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” অনুযায়ী বাজারের ব্যবসায়ী সুমন মোল্লাকে ১৫ হাজার টাকা, সাব্বির শেখকে ৫ হাজার টাকা এবং আজিজ শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।
অপরদিকে বাজারে বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকায় এবং মাস্ক পরিধান না করায় “সংক্রমণ ব্যাধি (প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং নির্মূল) আইন, ২০১৮” আইন অনুযায়ী একজনকে ২০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি বলেন, “নকল ব্যান্ড রোল ব্যবহার করে ভ্যাট এবং রাজস্ব ফাঁকি দিয়ে বিরি উৎপাদন, বিক্রি এবং মজুদ রাখার দায়ে তিন ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা এবং দোকানে মূল্য তালিকা না থাকায় এবং মাস্ক পরিধান না করায় একজনকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা এবং আনসার বাহিনীর সদস্যরা।”