গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনার সংক্রমণ ঠেকাতে বন্ধ হচ্ছে ঢাকা থেকে সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল। মঙ্গলবার (২২ জুন) দিনগত রাত ১২টার পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার বলেন, মঙ্গলবার রাত ১২টার পর ঢাকা থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হচ্ছে। ঢাকা থেকে কোনো যাত্রীবাহী ট্রেন পরিচালনা করা হবে না।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, আমরা আগের সিদ্ধান্ত সংশোধন করেছি। ঢাকার সঙ্গে দেশের অন্যান্য এলাকার যোগাযোগ থাকছে না। ঢাকা থেকে কোনও ট্রেন ছাড়বে না এবং ঢাকায় কোনও ট্রেন আসবে না। তবে লকডাউনের আওতায় থাকা জেলাগুলো বাদে দেশের অন্যান্য এলাকায় ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।
তিনি উদাহরণ দিয়ে বলেন, যেমন- চট্টগ্রাম-চাঁদপুর, চট্টগ্রাম-ময়মনসিংহ, চট্টগ্রাম-সিলেট- এগুলো চলবে। শুধু ঢাকার সঙ্গে কোনও যোগাযোগ থাকবে না। আজ (মঙ্গলবার) রাত ১২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেও জানান মন্ত্রী।