গাছায় গ্যারেজে বিদ্যুতায়িত হয়ে রিকশাচালকের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের গাছার কলমেশ্বর এলাকায় (আইইউটি রোড) একটি গ্যারেজে অটোরিকশায় বিদ্যুতায়িত হয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শহিদুল ইসলাম (৩০)। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পাচগাঁও নয়াপাড়ার মো. কুব্বাত আলীর ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে রিকশা গ্যারেজের পাশেই জনৈক নয়নের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, গ্যারেজটিতে প্রতি রিকশা মাসিক ১৮০০ টাকায় চার্জ দেয়া হয়। গ্যারেজ মালিকের নিজস্ব রিকশা ছাড়াও সেখানে ভাড়ায় অন্যান্য মালিকের রিকশাও নিয়মিত চার্জ দেয়া হয়।

নিহত শহিদুলের সহকর্মী রিকশাচালকরা জানান, মঙ্গলবার বিকেলে বৃষ্টি থামার পর শহীদুল গ্যারেজের ভেতর থেকে রিকশা বের করতে গিয়ে বিদ্যুতায়িত হন। বিকেল সাড়ে ৫টায় অন্য চালকরা তাদের রিকশা আনতে গিয়ে শহিদুলের দেহ রিকশার সাথে আটকে থাকতে দেখেন। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

গ্যারেজ মালিক আজিম উদ্দিনের ছেলে আলামিন জানান, অসাবধানতাবশত: রিকশাটি আগে থেকেই গ্যারেজের বৈদ্যুতিক বোর্ডের সাথে যুক্ত হয়ে বিদ্যুতায়িত হয়ে ছিল। শহিদুল রিকশা ধরে সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।