করোনা: গাজীপুরে একদিনে সর্বোচ্চ ২২০ জন শনাক্ত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের ইতিহাসে একদিনে করোনাভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে গত চব্বিশ ঘন্টায়। এ সময়ে ৮০৯ জনের নমুনা পরীক্ষায় ২২০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কোন মৃত্যু নেই।
বুধবার (৭ জুলাই) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ৪ জুলাই ১২৯ জন শনাক্ত হয়েছিল। আর তা ছিল সে সময়ে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের সব রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ২২০ জন শনাক্তের ফলে নতুন রেকর্ড হলো।
গত ২৪ ঘণ্টায় নমুনার শতকরা ২৭ দশমিক ১৯ শতাংশ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন অফিস জানায়, ”গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সর্বোচ্চ ৮০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছে সর্বোচ্চ ২২০ জন। তবে এ সময়ে মৃত্যু নেই কোন।”
”এ পর্যন্ত গাজীপুরের মোট ৯৩ হাজার ১৩৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৩ হাজার ৩৬২ জন। তাঁদের মধ্যে মারা গেছেন মোট ২৫৬ জন। মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭৫ জন।”
আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ১৫৩ জন, কালিয়াকৈরে ৩৪ জন, শ্রীপুরে ১৫ জন, কাপাসিয়ায় ১৩ জন এবং কালীগঞ্জে ৫ জন।”
”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৮ হাজার ৫৯৭ জন। এছাড়াও শ্রীপুরে ১ হাজার ৪৯৭ জন, কালিয়াকৈরে ১ হাজার ৪৭৮ জন, কালীগঞ্জে ৯২২ জন এবং কাপাসিয়ায় ৮৬৮ জন।”



