পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা, ভেঙে গেল মাস্তুল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : এবার পদ্মা সেতুর ২ ও ৩ নং পিলারের ওপর স্থাপিত স্প্যানে ধাক্কা দিয়েছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি। এতে ফেরির মাস্তুল ভেঙে গেছে। 

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় সেতুতে ধাক্কা দেয় ফেরিটি। এ নিয়ে চতুর্থদফা পদ্মা সেতুতে ফেরির ধাক্কার ঘটনা ঘটলো।

শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, সকাল ৭টার দিকে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মধ্যদিয়ে ডকইয়ার্ড থেকে পাটুরিয়া ঘাটে যাচ্ছিল। সে সময় স্প্যানের সঙ্গে ফেরির মাস্তুলের ধাক্কা লেগেছে। সেতুর স্প্যান পানি থেকে অনেক উঁচুতে। এরপরও কিভাবে লাগল বিষয়টি আমাদের বোধগম্য নয়।
এর আগে গত ১৩ই আগস্ট মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে আসছিল ফেরি কাকলি।

সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ফেরিটি সেতুর ১০ নং পিলারে আঘাত হানে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি। ৯ই আগস্ট সন্ধ্যায় ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ যাত্রী আহত হন। ২৩শে জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। এতে ২০ জন যাত্রী আহত হন। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্তও করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button