গাজীপুরের পৃথক স্থানে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীসহ দুই জনের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর এবং কাপাসিয়ার পৃথক স্থানে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীসহ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরো দুইজন।
বুধবার (১ সেপ্টেম্বর) মহানগরের বাঙ্গালগাছ এবং কাপাসিয়ার দেওনা দক্ষিণপাড়া বাটাজোড় বিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উত্তর বিলাশপুরের মো. বাবুল হোসেনের ছেলে মবিন ইশতিয়াক এবং কাপাসিয়া উত্তরপাড়া গুচ্ছগ্রামের মাইনউদ্দিনের ছেলে মো. পারভেজ (৩২)।
নিহত মবিন ইশতিয়াক নড়াইলের লোহাগড়া থানার চর বালিদিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগরের উত্তর বিলাশপুরে একটি ভাড়া বাড়িতে থেকে রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতেন। ওই স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
আহতরা হলেন কালীগঞ্জের পানজোড়া গ্রামের সমর দাসের ছেলে সুস্ময় (১৭) ও নগরের উত্তর বিলাসপুরের সুকোমল চন্দ্র সাহার ছেলে সৌরভ সাহা (১৭)।
জিএমপি’র সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন বলেন, মবিন বুধবার সকাল ১১টার দিকে বন্ধু সুস্ময় ও সৌরভকে সঙ্গে নিয়ে শহরের বাঙ্গালগাছ এলাকায় ঘুরতে যান। বাড়ি ফেরার পথে তারা স্থানীয় বাঙ্গালগাছ ব্রিজ এলাকায় মোবাইল ফোনে ছবি তোলার সময় বজ্রপাত হয়। এতে মবিন, সুস্ময় ও সৌরভ আহত হন। শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মবিনকে মৃত ঘোষণা করেন।
সুস্ময় ও সৌরভ ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, দুপুরে কাপাসিয়া উত্তরপাড়া গুচ্ছগ্রামের মাইনউদ্দিনের ছেলে মো. পারভেজ স্থানীয় দেওনা দক্ষিণপাড়া বাটাজোড় বিলে মাছ ধরাতে যান। এক পর্যায়ে দুপুর ২টার দিকে বৃষ্টিপাত ও বজ্রপাত শুরু হয়। ঘটনাস্থলেই পারভেজ মারা যায়।



