বাধ্যতামূলক অবসরে সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুকসহ দু’জন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)র অতিরিক্ত উপ–পুলিশ মহাপরিদর্শক শেখ ওমর ফারুকসহ দুজনকে ‘জনস্বার্থে’ সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

চিত্রনায়িকা পরীমনি, মৌ ও পিয়াসার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তত্ত্বাবধান করছিলেন অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। তিনি সিআইডির ঢাকা মেট্রো উত্তরের দায়িত্বে ছিলেন।

শেখ ওমর ফারুক ছাড়াও, খাগড়াছড়ির মহালছড়িতে এপিবিএন –৬ এর অধিনায়ক মো আবদুর রহিমকে অবসরে পাঠানো হয়।

জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় দাসের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। কর্মকর্তারা বিধি মোতাবেক অবসরজনিত সব সুবিধা পাবেন। জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

শেখ ওমর ফারুক সংবাদ মাধ্যমকে বলেন, ২৫ বছর পূর্ণ হলে যে কাউকে সরকার অবসরে পাঠাতে পারে। সেজন্য কোনো কারণ দেখানোর প্রয়োজন নেই সরকারের। তিনি আরও বলেন, বৃহস্পতিবারও তিনি অফিস করেছেন। বেলা ৩টার পর তিনি জানতে পারেন তাঁকে অবসরে পাঠানো হয়েছে।