বনানী থানার পরিদর্শক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে ভারতীয় বিএসএফ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গ্রাহকের টাকা আত্মসাতের ঘটনায় অভিযোগ ওঠা ই–কমার্স প্রতিষ্ঠান ই–অরেঞ্জের সঙ্গে সম্পৃক্ত বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে ভারতের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) সদস্যরা।
শনিবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে ভারতের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ তাঁদের অফিসিয়াল ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছে।
এরআগে শুক্রবার চ্যাংড়াবান্দা সীমান্ত থেকে অনুপ্রবেশের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি পাসপোর্ট, একাধিক মোবাইল, এটিএম কার্ড। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার সোহেল রানাকে মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় বিএসএফ।
বিএসএফ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সোহেল রানা গোপালগঞ্জের বাসিন্দা। তিনি ঢাকায় বাংলাদেশ মেট্রোপলিটন পুলিশে কর্মকরত। তবে, তাঁর নামে অপরাধমূলক একাধিক কাজের অভিযোগ রয়েছে বলেই প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন বিএসএফে। তবে, সঠিক কি কারণে সীমান্ত টপকে তিনি ভারতে প্রবেশ করলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সম্ভবত গা ঢাকা দেওয়ার লক্ষ্যে ভারতে প্রবেশ করেছেন তিনি। যদিও বিষয়টি খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন বিএসএফ। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছেছেন বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি সঞ্জয় পন্থ সহ পদস্থ কর্তারা।
এদিকে বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) সোহেল রানা সংবাদ মাধ্যমকে জানান, তারা এখন পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনও তথ্য পাননি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আসাদুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, ইন্সপেক্টর সোহেল রানা সর্বশেষ গত বৃহস্পতিবার তার কর্মস্থলে ছিলেন। শুক্রবার থেকে তিনি আর থানায় আসেননি। তার বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।



