কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এক বন্দির মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি আবেদীন ওরফে রুবেল (৪২) নামে অস্ত্র মামলার এক আসামির মৃত্যু হয়েছে।
রোববার (৭ নভেম্বর) দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জাহেদ আল আবেদীন ওরফে রুবেল বরগুনার বেতাগী থানার ফুলতলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন বলেন, রুবেল দীর্ঘদিন ধরেই রক্তশূন্যতায় ভুগছিলেন। আর আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা দেয়া হয়েছে। রোববার তিনি কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে ভর্তি করার পর দুপুর পৌনে ১টার দিকে রুবেলের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, রুবেল মতিঝিল থানার অস্ত্র মামলায় এ কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নম্বর ৫৩৫৮/১৯। ২০১৯ সাল থেকে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।



