প্রায় ৯ বছর পর কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মেয়াদ উত্তীর্ণ হওয়ার প্রায় আট বছর পর কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র কমিটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (১৪ নভেম্বর) বিকেলে ঢাকার কাকরাইলে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি ফজলুল হক মিলনের নিজস্ব কার্যালয়ে আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ঘোষিত কমিটিতে কালীগঞ্জ উপজেলা বিএনপি’ আহ্বায়ক করা হয়েছে গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ূন কবির মাস্টারকে এবং সদস্য সচিব করা হয়েছে সদ্য বিলুপ্ত কালীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলুকে।
অপদিকে পৌর বিএনপি’র আহ্বায়ক করা হয়েছে সদ্য বিলুপ্ত পৌর কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান মাস্টারকে এবং সদস্য সচিব করা হয়েছে পৌর কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধানকে।
জানা গেছে, কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র সর্বশেষ ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছিল ২০০৯ সালে।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু বলেন, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য আহ্বায়ক কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। ঘোষিত কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিতে তিনজন যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে। তারা হলেন রফিজুল ইসলাম দর্জি, ফজলুল হক বাগমার নয়ন ও ফরিদ আহমদ মৃধা।
অপরদিকে পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে খোরশেদ আলম কাজল এবং রুহুল আমিন মোল্লাকে।
উল্লেখ্য: সদ্য বিলুপ্ত কালীগঞ্জ উপজেলা বিএনপি’র কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন কুদ্দুস মোল্লা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন খালেকুজ্জামান বাবলু। এছাড়াও পৌর বিএনপি’র সভাপতি ছিলেন মোহাম্মদ হোসেন আরমান মাস্টার ও সাধারণ সম্পাদক ছিলেন ইব্রাহিম প্রধান।



