মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে বাংলাদেশ মানবাধিকার সোসাইটি’র মামলা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ীর ১নম্বর আমলী আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক সুমন হোসেন পিবিআই ফরিদপুরকে তদন্ত করে প্রতিবেদন দাখিল কারার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে মামলাটি দায়ের করেন, বাংলাদেশ মানবাধিকার সোসাইটি রাজবাড়ীর পৌরসভা শাখার সভাপতি শশি আক্তার।

আদালত সূত্রে জানা গেছে, রাজবাড়ীর ১নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেনের আদালতে এ মামলাটি করা হয়। মামলা আমলে নিয়ে আগামী বছরের ১৩ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে প্রতিবেদন দিতে নির্দেশনা দিয়েছেন আদালত।

মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামি মেয়র জাহাঙ্গীর একজন মুখোশধারী হাইব্রিড নেতা। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে ইতিহাস বিকৃত করেছেন। এ ছাড়া শহীদদের সংখ্যা নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছেন। এসব বিষয় উল্লেখ করে ৫০৪ ও ৫০৫ ধারায় মামলা করা হয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী মেহেদী হাসান সংবাদ মাধ্যমকে বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, মানহানিকর বক্তব্য এবং মুক্তিযুদ্ধকে তাচ্ছিল্য ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় শশী আক্তার বাদী হয়ে দুপুরে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করে রাজবাড়ীর আদালতে মামলার আবেদন করেন। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় জাহাঙ্গীর আলমকে। পাশাপাশি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আওয়ামী লীগের বৈঠক সূত্রে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button