আয়কর রিটার্নে গরমিল, শাকিব খানের ব্যাংক হিসাব তলব

গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : আয়কর রিটার্নে আয়-ব্যয়ের গরমিল থাকায় ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তার প্রকৃত আয় নিরূপণের জন্য সম্প্রতি ব্যাংকগুলোতে পাঠানো এনবিআরের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, শাকিব খান রানার নামে বা তাঁর ওপর নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের একক বা যৌথ নামে ব্যাংক হিসাব বা তাঁদের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব থাকলে তার তথ্য জমা দিতে হবে।

চিঠিতে বলা হয়েছে, ২০১৩ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত লেনদেনের বিবরণী এনবিআরে পাঠাতে হবে। ব্যাংক হিসাবের পাশাপাশি তাঁদের নামে যেকোনো সঞ্চয়ী হিসাব চলতি হিসাব, ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্র, শেয়ার হিসাব থাকলে তার বিবরণীও জমা দিতে হবে। এমনকি বন্ধ হয়ে গেছে এমন হিসাব থাকলেও তা জমা দিতে হবে।

চিঠিতে শাকিব খান রানার পরিচয় দেওয়া হয়েছে অভিনেতা হিসেবে। পিতার নাম আবদুর রব, মাতা রোজিয়া বেগম, স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের মুকসুদপুর। বর্তমান ঠিকানা গুলশান ২। আয়কর অধ্যাদেশের ১৯৮৪–এর ১১৩ (এফ) ধারার ক্ষমতাবলে এই হিসাব তলব করেছে এনবিআর। আয়কর ফাঁকির অনুসন্ধানের জন্য এই ধারা ব্যবহার করে থাকে এনবিআর।

২০১৯ সালে অভিনয়শিল্পী ক্যাটাগরি থেকে তৃতীয় সর্বোচ্চ করদাতা হন শাকিব খান।

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, আয়কর রিটার্নে শাকিবের আয়-ব্যয়ের কিছু গরমিল আছে।

এ কারণেই এনবিআর তার প্রকৃত আয় নিরূপণের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, ‘এটি এনবিআরের নিয়মিত কাজ।’

একটি বাণিজ্যিক ব্যাংকের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, তারা গত বৃহস্পতিবার এনবিআরের চিঠি পেয়েছেন। এ ব্যাপারে কাজ চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button