গত ৫ বছরে ৬ লাখেরও বেশি ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত পাঁচ বছরে ৬ লাখেরও বেশি ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় সরকারিভাবে ওই তথ্য জানানো হয়েছে।

হিন্দি গণমাধ্যম ‘আজতক’ সূত্রে প্রকাশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় বিস্তারিত তথ্য দিয়ে বলেন, গত বছরগুলোতে, ৬ লাখেরও বেশি লোক ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে, মোট ১ কোটি ৩৩ লাখ ৮৩ হাজার ৭১৮ জন ভারতীয় নাগরিক বিদেশে বসবাস করছেন।

একটি প্রশ্নের লিখিত উত্তর দিয়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, ২০১৭ সালে ১ লাখ ৩৩ হাজার ৪৯ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়েছিলেন। ২০১৮ সালে নাগরিকত্ব ছেড়েছিলেন ১ লাখ ৩৪ হাজার ৫৬১ জন ২০১৯ নাগরিকত্ব ছাড়েন ১ লাখ ৪৪ হাজার ১৭ জন ভারতীয় নাগরিক। ২০২০ সালে ৮৫ হাজার ২৪৮ জন এবং চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত, ১ লাখ ১১ হাজার ২৮৭ জন ভারতীয় তাদের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন।

সংসদে পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি মালা রায় দেশে জাতীয় নাগরিক পঞ্জি বা ‘এনআরসি’র অবস্থা নিয়ে প্রশ্ন করেছিলেন। এর জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, এখনও পর্যন্ত সরকার জাতীয় পর্যায়ে ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন (এনআরসি) প্রস্তুত করার সিদ্ধান্ত নেয়নি। তিনি আরও বলেন, অসমের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৯ সালের ৩১ আগস্ট এনআরসিতে অন্তর্ভুক্ত এবং অন্তর্ভুক্ত নয় এমন ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button