মেঘডুবিতে ট্রাকচাপায় হাসপাতালের কর্মচারীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের মেঘডুবি এলাকায় ঢাকা বাইপাস সড়কে ট্রাকচাপায় রাশেদুল ইসলাম ওরফে রুবেল (৩৭) নামে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের এক কর্মচারী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার এক সহকর্মী।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে মোটরসাইকেলে হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল মেডিকেল কলেজের মাইক্রেবায়োলজি বিভাগের কর্মচারী ও মেঘডুবি এলাকার বশির উদ্দিনের ছেলে।

গুরুতর আহত মিজানুর রহমান (৫০) একই প্রতিষ্ঠানের চর্ম ও যৌন বিভাগের কর্মচারী ও মহানগরের মেঘডুবি এলাকার মো. মফিজুদ্দিনের ছেলে। মিজানুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মহানগরের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান (শিরিষ) ও তাদের স্বজনরা বলেন, হাসপাতালের ডিউটি সেরে মোটরসাইকেলে তারা মেঘডুবি এলাকার বাসায় ফিরছিলেন। পথে মেঘডুবি এলাকায় ঢাকা বাইপাস সড়ক অতিক্রমকালে একটি ট্রাকের চাপায় তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠালে রাশেদুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জিএমপি’র পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক তপন কান্তি সরকার জানান, হতহতরা দুইজনেই শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের আউটসোর্সিং কর্মচারী। রাশেদুলকে ব্রডডেথ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত মিজান মাথায় ও পায়ে গুরুতর জখম হয়েছেন। মিজানের এক পা কেটে ফেলা হয়েছে। তার অবস্থাও শঙ্কটাপন্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button