কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের আড়িখোলা রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটায় দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, সকাল সাড়ে সাতটার দিকে টঙ্গী-ভৈরব রেল সড়ক দিয়ে সিলেটগামী পারাবত এক্সপ্রেস আড়িখোলা রেল স্টেশনে অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়েছে।
আড়িখোলা রেলওয়ে স্টেশন মাস্টার (৩) আজিজুর রহমান ভূঁইয়া বলেন, সকাল ৭টা ২৪মিনিটে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন আড়িখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করে। ট্রেন চলে যাওয়ার পর প্ল্যাটফর্মের পূর্বদিকে রেল লাইনে অজ্ঞাত ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে লাশ রেল লাইন থেকে সড়িয়ে পাশে রাখা হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। লাশ উদ্ধার করার জন্য নরসিংদী রেল পুলিশকে খবর দেয়া হয়েছে।



