বলিউডে সুপারস্টারদের যুগের অবসান?
গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : বলিউড সিনেমার জন্য ২০২১ নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে। বড় তারকাদের অনেকের সিনেমা মুখ খুবড়ে পড়েছে। নাচ-গানে ভরপুর নয়, বরং কাহিনীর জোরেই দর্শক ও সমালোচকদের চোখে সেরার তালিকায় স্থান করে নিয়েছে কয়েকটি সিনেমা। বছরের শেষ সময়ে ভারতের অনেক গণমাধ্যমই চলচ্চিত্র সমালোচক এবং পপুলার নির্দেশক ব্যবহার করে সেরা ও বাজে সিনেমার তালিকা তৈরি করেছে। এসব তালিকায় চোখ বোলালে পরিবর্তনের সুরটা স্পষ্ট ধরা পড়ে।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাত্কারে মনোজ বাজপেয়ী বলেছিলেন, বলিউডে সুপারস্টারদের যুগের অবসান হয়েছে; এখন ইন্ডাস্ট্রি শাসন করবে কনটেন্ট ও ওটিটি প্লাটফর্ম। তার কথার সত্যতা মিলেছে। সালমান খানের মতো সুপারস্টার দীর্ঘ বিরতির পর সিনেমা মুক্তি দেয়ার পরও তা মুখ থুবড়ে পড়েছে। শুধু তা-ই নয়, বিভিন্ন গণমাধ্যমে বলিউডের সবচেয়ে বাজে পাঁচ সিনেমার তালিকার সবগুলোরই একটি সাধারণ নাম দেখা যায় এবং সেটি সালমান খানের রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই।
বলিউডে এ বছর বড় তারকাদের বেশির ভাগ সিনেমাই সফল হতে পারেনি। বরং নতুন এক জাতের অভিনেতাদের জ্বলে উঠতে দেখা গেছে।
বড় পর্দার চেয়ে হয়তো এ বছর ওটিটি প্লাটফর্মেই বলিউডের বেশি সিনেমা মুক্তি পেয়েছে। এ বছর দেখা গেছে ত্রিভঙ্গ, নেইল পলিশ, মিমি, থালাইভি, রেশমি রকেট, চন্ডীগড় করে আশিকির মতো বিচিত্র বিষয়কে নির্ভর করে নির্মিত সিনেমা এবং এসব ছবির অনেকগুলোই নারী চরিত্রনির্ভর। এসব ছবি সফলও হয়েছে। বছরের শেষে এসে মুক্তি পেয়েছে রোহিত শেঠির সূর্যবংশী। এটি তার টিপিক্যাল পুলিশি অ্যাকশন কমেডি। একজন নয়, বড় তিন-চারজন তারকাকে যুক্ত করেও সমালোচকদের কোনো রকম সাড়া পায়নি সিনেমাটি, অবশ্য দর্শক টানায় সূর্যবংশী সফল।
ইন্ডিয়ান এক্সপ্রেস ২০২১-এর সেরা পাঁচ বলিউড সিনেমার যে তালিকা প্রকাশ করেছে তাতে জায়গা করে নিয়েছে—সর্দার উধাম, শেরনি, শেরশাহ, এইটিথ্রি, সন্দীপ অর পিংকি ফারার। না, কোনোটাই বলিউডের কোনো সুপারস্টারের সিনেমা নয়। এবার দেখা যাক বছরে সবচেয়ে বাজে পাঁচ সিনেমার নাম—রুহি, রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই, দ্য গার্ল অন দ্য ট্রেইন, ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া, সর্দার কা গ্রান্ডসন।
নেটফ্লিক্স এখন বলিউডে ভালোই জমে বসেছে। ২০২১-এ নেটফ্লিক্সে সবচেয়ে বেশি ভিউ পাওয়া সিনেমার মধ্যে প্রথমে আছে তাপসী পান্নু অভিনীত হাসিনা দিলরুবা। সিনেমাটি নেটফ্লিক্সে দেখা হয়েছে ২ কোটি ৪০ লাখের বেশি। দ্বিতীয় স্থানে আছে সূর্যবংশী, ২ কোটি ২০ লাখের বেশি; তৃতীয় মিমি—২ কোটি ১০ লাখ। অর্থাৎ, নেটফ্লিক্সে সবচেয়ে বেশিবার দেখা সিনেমার প্রথম তিনটির দুটিই নারী চরিত্রপ্রধান।
২০২১-এ গুগল ট্রেন্ডিংয়ে সবাইকে পেছনে ফেলেছে সিদ্ধার্থ মালহোত্রার শেরশাহ। এরপর আছে—রাধে, বেলবটম, সূর্যবংশী, দৃশ্যম টু।
২০২০ ও ২০২১—এ দুই বছরে হিন্দি সিনেমার সবচেয়ে বড় বক্স অফিস হিট ঘোষণা করা হয়েছে অজয় দেবগণের তানহাজি: দি আনসাং ওয়ারিয়র সিনেমাটিকে। এটি ভারতের বাজারে ২৮০ কোটি রুপি আয় করেছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ইকোনমিক টাইমস



