কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে জামান দর্জি (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নিহতের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নিহত জামান দর্জি কালীগঞ্জ পৌরসভার গোলাবাড়ি এলাকার মৃত কফিল উদ্দিন দর্জির ছেলে। তিনি আর কে জুট মিলস্ লিঃ-এর শ্রমিক ছিলেন। করোনা মহামারীর শুরুর দিকে তিনি চাকুরি ছেড়ে দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামান দর্জি প্রতিদিন সন্ধ্যার পর বাড়ির পাশে থাকা রেল সড়কে নিয়মিত হাঁটাহাটি করতেন। রোববার রাতেও প্রতিদিনের মতো হাঁটতে বের হয়। কিন্তু পরে আর বাড়ি ফেরেন নি। সকালে টঙ্গী-ঘোড়াশাল রেল সড়কে থাকা গোলাবাড়ি রেল ব্রিজের পশ্চিম পাশে ঘোড়াশালগামী লাইনে তার লাশ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে দুপুরে নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের সদস্যরা এসে লাশ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী বলেন, রাতে অজ্ঞাত কোন ট্রেনে কাটা পড়ে জামান দর্জির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করা হয়। আবেদনের প্রেক্ষিতে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



