কালিয়াকৈরে বসত ঘরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরের সফিপুর দক্ষিণপাড়া এলাকা থেকে বসত ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ওই এলাকার জাহাঙ্গীর হোসেনের বাড়ির একটি কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন রাজশাহীর বাঘমারা থানার নিচুকাতিলা গ্রামের রহিদুল ইসলামের ছেলে আকাশ হোসেন (২১) এবং তার স্ত্রী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাশিপুর গ্রামের মো. রনির মেয়ে সালমা আক্তার (১৮)।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম বলেন, দুই মাস আগে প্রেম করে বিয়ে করেন আকাশ ও সালমা। পরে তারা আহমদ নগর এলাকার ভাড়া বাসায় বসবাস শুরু করেন। সালমা কার্টন ফ্যাক্টরিতে চাকরি করেন আর আকাশ অটোরিকশা চালান। শুক্রবার রাতে খাবার শেষে তারা ঘুমাতে যান। শনিবার সকালে ঘরের দরজা না খোলায় প্রতিবেশীরা জানালা দিয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পায় এবং জরুরি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে জানায়। পরে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই সাইফুল আলম আরো বলেন, ধারণা করা হচ্ছে তারা দু’জন আত্মহত্যা করেছে।



