সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল।

এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক সেনা কর্মকর্তা আহসান হাবীব খান ও সাবেক সচিব মো. আলমগীর। ।

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের লক্ষ্যে ১০ জনের নাম সুপারিশের জন্য গত ৫ ফেব্রুয়ারি ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে কমিটির প্রধান করা হয়।

জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পাওয়া কাজী হাবিবুল আউয়াল সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন। বিচার বিভাগের কর্মকর্তা কাজী হাবিবুল আউয়াল আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে স্বল্প সময়ের জন্য সচিবের দায়িত্বে ছিলেন। সেখান থেকে তাঁকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব হিসাবে প্র্রেষণে নিয়োগ দেওয়া হয়। ২০১০ সালের ২২ মে থেকে ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ধর্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি প্রতিরক্ষা সচিবের দায়িত্ব পান। পরে ২০১৪ সালের ১৮ জুন প্রেষণের মেয়াদ বৃদ্ধি করে ২০১৫ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত করা হয়। সে সময় পর্যন্ত তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ১৭ জানুয়ারি তিনি পিআরএল-এ (অবসরে) যায়।

বিসিএসের ১৯৮১ ব্যাচের এই কর্মকর্তা সরকারি চাকরি থেকে বিদায় নেওয়ার পর ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button