পূবাইল থেকে লুণ্ঠিত মূর্তি ও নগদ টাকাসহ মালামাল উদ্ধার: ৯ ডাকাত গ্রেফতার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের তালটিয়া এলাকার (বানিয়াবাড়ী) হারাধন চন্দ্র শীলের বাড়ি থেকে লুণ্ঠিত মূর্তি, নগদ টাকা ও মালামালসহ আন্ত:জেলা ৯ ডাকাতকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
সোমবার (১৪ মার্চ) দুপুরে গাজীপুর মেট্টাপলিটন পুলিশের সদর দপ্তরের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার ইটনা থানার জগন্নাথপুর গ্রামের মৃত করলাল দাসের ছেলে রবি দাস (৪৫), একই জেলার বাজিতপুর থানার গাগটিয়া আটরা গ্রামের মৃত কানাই চন্দ্র দাসের ছেলে চন্দন চন্দ্র দাস (৩৬), মাদারীপুর জেলার শিবচর থানার পাঁচচর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলেফারুক (৩৫),সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার চন্দ্রপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে ইমন উদ্দিন (২৯), গাজীপুর মহানগরের শরিফপুর (মালেরকের বাড়ি) এলাকার আব্দুল ওহাবের ছেলে হাবিবুর (৪৮), মহানগরের টঙ্গী পূর্ব থানার তিস্তার গেটের ফারুকের স্ত্রী মোছা: নার্গিস আক্তার (২৫), কুমিল্লা সদর থানার রামকৃষ্ণপুর গ্রামের মৃত কাশেম মোল্লার মেয়ে মোসা: শিল্পি আক্তার (৩০), গাজীপুর মহানগরের পূবাইল থানার উজিরপুরার ফজর আলীর স্ত্রী মোছা: রিনা আক্তার (৫০) এবং নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর কেকড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে জসিম (৪৫)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে লুন্ঠিত সাড়ে ১৯ হাজার টাকা, চারআনা ওজনের স্বর্ণালঙ্কার, পিতলের ২টি মূর্তি, ১টি ল্যাপটপ, ১টি ক্যামেরা, ১টি পারভিউম, পারভিউম ১ বক্স, ১টি হেয়ার ড্রাইয়ার, বাচ্চাদের সাদা রংয়ের একজোড়া জুতা এবং ডাকাতির কাজে ব্যবহৃত ২টি রামদা, ২টি কাওয়াল ও ১টি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে ডিসি মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। এরা গত ৭ মার্চ মহানগরের পূবাইল তালটিয়া এলাকার (বানিয়াবাড়ী) হারাধন চন্দ্র শীলের বাড়িতে ডাকাতিকালে উদ্ধারকৃত উল্লিখিত মালামাল লুট করে। এছাড়াও গ্রেফতারকৃত ডাকাতরা আন্ত:জেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য হিসেবে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে। তাদের নামে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও মাদকের একাধিক মামলা রয়েছে।



