‘ছুটির ঘণ্টা’ সিনেমার পরিচালক আজিজুর রহমান আর নেই

গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : বিখ্যাত সিনেমা ‘ছুটির ঘণ্টা’র পরিচালক আজিজুর রহমান আর নেই৷

বাংলাদেশ সময় সোমবার (১৪ মার্চ) দিবাগত রাত ১১টা ২০ মিনিটে তিনি কানাডার একটি হাসপাতালে মারা গেছেন।

সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের পুত্র গাজী সরফরাজ আনোয়ার উপল।

তিনি বলেন, ‘আজিজ সাহেবের পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছি৷ খুব মন খারাপের খবর। সবাই উনার আত্মার জন্য দোয়া করবেন।’

আজিজুর রহমানের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। গত এক বছর ধরে তাকে কৃত্রিমভাবে বাড়তি অক্সিজেন নিতে হতো বলে জানায় পারিবারিক সূত্র।

পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান জানান, দাফন বগুড়ার সান্তাহারে হবে। মরদেহ দেশে আনার প্রসেস চলছে।

প্রসঙ্গত, আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টোবর বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রূপচাঁন প্রামাণিক। তিনি স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি পাস ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্শিয়াল আর্টে ডিপ্লোমা করেছেন।

অনেক সফল চলচ্চিত্রের পরিচালক আজিজুর রহমান। ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’। মুক্তি পায় ১৯৬৭ সালে। এখন পর্যন্ত তিনি ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’ ও ‘সমাধান’ ইত্যাদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button