বিশিষ্ট সাংবাদিক আকিঞ্চন আর নেই

শামসুল হুদা লিটন, কাপাসিয়া : কালীগঞ্জ উপজেলার কৃতি সন্তান, মফস্বল সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ, প্রয়াত সাংবাদিক বদরুদ্দীন হায়দার খোকা’র বড় ছেলে দৈনিক উন্নয়ন বার্তার স্টাফ রিপোর্টার বিশিষ্ট সাংবাদিক আকিঞ্চন হায়দার (৪৮) আর নেই।

শনিবার (১৯ মার্চ) দুপুর ১২ টার দিকে কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ডেমরা গ্রামের নিজ বাড়িতে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি অইন্না আলাইহির রাজিউন)।

স্থানীয় ঐতিহ্যবাহী তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র আকিঞ্চন প্রয়াত সাংবাদিক বাবার মতোই সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে, ১ মেয়ে, ৪ ভাই, ২ বোন সহ আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ মাগরিব বাড়ি সংলগ্ন ডেমরা এসকে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজের পূর্বে দোয়া কামনা করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজগর রশিদ খান,বিশিষ্ট শিল্পপতি এম আর খান অরুণ, দৈনিক উন্নয়ন বার্তার সম্পাদক মন্জুর বারী মন্জুর, ছোট ভাই সুমন হায়দার প্রমূখ।

আকিঞ্চনের বাবা সাংবাদিক বদরুদ্দীন হায়দার খোকা ছিলেন গাজীপুর-নরসিংদী এলাকার প্রথিতযশা সাংবাদিক এবং মফস্বল সাংবাদিকদের আইকন। তিনি ছিলেন স্থানীয় তারাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এবং গাজীপুর, নরসিংদী ও কাপাসিয়া প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা। তার অকাল মৃত্যুতে কাপাসিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ, তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের গভর্ণিংবডির সদস্য, প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেছেন। তরুণ সাংবাদিক আকিঞ্চনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের জানাজায় এলাকার সাধারণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।