কালীগঞ্জে পুলিশের উপস্থিতিতেই প্রবাসীর বাড়িতে হামলা!

বিশেষ প্রতিনিধি : কালীগঞ্জে দুই পুলিশ কর্মকর্তার উপস্থিতিতেই এক প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ওই প্রবাসীর স্কুল-কলেজপড়ুয়া তিন মেয়ে, স্ত্রী, মা ও ভাইকে কুপিয়ে আহত করা হয়। গত বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার জাঙ্গালিয়া মোল্লাবাড়ী আলিমের টেকে অবস্থিত প্রবাসী মঞ্জুর হোসেন মোল্লার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে ওই প্রবাসীর আহত ভাই বাদল মোল্লাকে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগ থেকে অপহরণ করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

পরে ৯৯৯ নম্বরে ফোন করা হলে অপহৃতকে উদ্ধার করে গাজীপুর মহানগর পুলিশ। এ ব্যাপারে শুক্রবার (২২ এপ্রিল) বাদল মোল্লা বাদী হয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আদ্যোপান্ত: কালীগঞ্জে পল্লী বিদ্যুতের ২০ লাখ টাকার ক্যাবল চুরি, উদ্ধার ও তদন্তে ‘ব্যর্থ’ পুলিশ!

বাদল মোল্লা অভিযোগ করেন, জমি নিয়ে একই গ্রামের আলাউদ্দিন দর্জির সঙ্গে তাঁদের বিরোধ রয়েছে। বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ থানার দুই এসআই মিন্টু মিয়া ও ইসলাম মিয়া তাঁদের বাড়িতে আসেন। এ সময় তাঁদের সঙ্গে এলাকার সন্ত্রাসী কাইয়ুম মোল্লাসহ ১০-১২ জন ছিলেন। তাঁরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জোর করে বাড়িতে ঢুকে তাঁর ভাইয়ের কলেজপড়ুয়া মেয়ে মাসুমা আক্তার, শিফা আক্তার ও স্কুলপড়ুয়া মেয়ে মুন্নি আক্তার, স্ত্রী কামরুন্নাহার, মা ফরিদা বেগমকে শ্লীলতাহানি ও কুপিয়ে জখম করে। খবর পেয়ে ওই বাড়িতে গেলে তাঁকেও লাঠিপেটা করা হয়। সন্ত্রাসীরা বাড়িতে থাকা টাকা, স্বর্ণালংকাসহ অন্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

স্থানীয় লোকজন মাসুমা আক্তার, তাঁর মা ও বাদল মোল্লাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এক পর্যায়ে শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে বাদল মোল্লা ও তাঁর সঙ্গে থাকা স্বজন কামরুল মোল্লাকে অপহরণ করে একদল যুবক। পরে ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় অপহৃতরা উদ্ধার হন।

এ বিষয়ে জানতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমানের মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।