গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় আবুল খায়ের (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুন) দুপুর সোয়া ১২টার দিকে টঙ্গী-ভৈরব রেলরুটের আড়িখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব দিকের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল খায়ের নরসিংদীর রায়পুরা থানার পাড়াতলী এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে। তিনি আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকায় বসবাস করে বিভিন্ন স্থানে মলমূত্র ও আবর্জনা পরিষ্কারের কাজ (মেথর) করতো।
স্থানীয়রা জানায়, রোববার দুপুরে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে আড়িখোলা স্টেশনের দিকে যাচ্ছিলেন আবুল খায়ের। সে সময় ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আড়িখোলা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার কামরুল ইসলাম বলেন, দুপুর সোয়া ১২টার সময় ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন আড়িখোলা স্টেশন অতিক্রম করে। এর কিছু সময় পর স্থানীয় কয়েকজন শিক্ষার্থী এসে জানায় পূর্বদিকের আউটার সিগন্যাল সংলগ্ন এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে আছে। পরবর্তীতে নরসিংদী রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, দুপুরে আবুল খায়ের রেল সড়কের পাশ দিয়ে হেঁটে আড়িখোলা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন। একই সময়ে ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন স্টেশনের পূর্বদিকের আউটার সিগন্যাল অতিক্রম করছিল। এক পর্যায়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুপুর সোয়া ২টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, নিহত আবুল খায়ের আড়িখোলা রেলস্টেশন এলাকায় বসবাস করে বিভিন্ন স্থানে মলমূত্র ও আবর্জনা পরিষ্কারের কাজ (মেথর) করতো বলে জানিয়েছে স্থানীয়রা।