গাজীপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

নিজস্ব প্রতিনিধি : গাজীপুরে এক নারী পোশাক শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে জঙ্গলে বেধে মুক্তিপণ আদায়ের চেষ্টার আভিযোগে স্থানীয় জনতার পিটুনিতে এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির চারটি মামলা রয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) দিবাগত মধ্যরাত গাজীপুর সদর উপজেলার রক্ষিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব (২৭) গাজীপুর সদর উপজেলার রুদ্রপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। এ ঘটনায় ওই পোশাক শ্রমিক বাদী হয়ে নিহত রাকিবসহ তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, পোশাক শ্রমিক হাসি আক্তার তার সহকর্মী ইলিয়াস উদ্দিনকে নিয়ে শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার মির্জাাপুরের ভাড়া বাসা থেকে রাজেন্দ্রপুর আরপি গেট এলাকায় বেড়াতে যান। সেখান থেকে হেটে বাসায় ফেরার পথে হালডোবা এলাকায় পৌঁছলে পাশ্ববর্তী জঙ্গল থেকে ৭/৮ জন ব্যক্তি পেছন থেকে ইলিয়াসকে মারধর করে ফেলে দেয়। পেছন থেকে ওই নারী পোশাক শ্রমিকরে মুখ রুমাল দিয়ে চেপে এবং গলায় ধারালো দা ধরে হত্যার হুমকি দিয়ে জঙ্গলে নিয়ে যায়। পরে তাকে জঙ্গলে একটি গাছের সাথে বাধে এবং ইলিয়াসের মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

এদিকে ইলিয়াস সহকর্মীকে রক্ষার চেষ্টায় ব্যর্থ হয়ে বিষয়টি স্থানীয়দের জানায়। পরে কয়েশ জনতা জঙ্গলের চারপাশ ঘেরাও করে খোজাখুজি শুরু করে এক পর্যায়ে রাত সোয়া ১২ টার দিকে ওই নারীকে উদ্ধার এবং রাকিবকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। এসময় জনতার জিজ্ঞাসাবাদে রাকিব নিজেরসহ অপর দুই সহযোগীর নাম-ঠিকানা প্রকাশ করে। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয় এবং চোখ উপরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে রাকিবকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাকাত রাকিবকে মৃত ঘোষণা করেন।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন জানান, দুজন পোশক শ্রমিক হালডোবা এলাকা দিয়ে যাওয়ার সময় একদল ডাকাত তাদের পথ রোধ করে। পরে মেয়েটিকে জঙ্গলে নিয়ে আটক রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। এক পর্যায়ে স্থানীয় জনতা এক ডাকাতকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে ৩টি দস্যুতাসহ ৪টি মামলা রয়েছে।