নিজস্ব সংবাদদাতা : গাজীপুর থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে বাড়ি ফেরার পথে কালীগঞ্জে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয় রোজারিও (২৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার দুই বন্ধু।
বুধবার (২৭ জুলাই) রাত পৌনে আটটার দিকে টঙ্গী- কালীগঞ্জ সড়কের শিমুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত জয় রোজারিও তুমুলিয়া ইউনিয়নের জয়নামবের এলাকার বাবুল রোজারিও’র ছেলে। আহতরা হলো একই এলাকার জয় রোজারিও’র দুই বন্ধু অর্ডিন কোরাইয়া (২৪) ও আলমগীর (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, জয় রোজারিও সম্প্রতি একটি এপাচি মোটরসাইকেল কিনেছে। বুধবার বিকেলে জয় দুই বন্ধুসহ এপাচি মোটরসাইকেল চালিয়ে গাজীপুর থেকে ড্রাইভিং লাইসেন্স আনতে বাড়ি থেকে বের হয়। পরে ড্রাইভিং লাইসেন্স নিয়ে বাড়ি ফেরার পথে রাত পৌনে আটটার দিকে তারা টঙ্গী-কালীগঞ্জ সড়কের শিমুলিয়া এলাকায় নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জয় রোজারিও’র মৃত্যু হয়। আহত হয় তার দুই বন্ধু। আহত দু’জনের মধ্যে অর্ডিন কোরাইয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকা ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালের (পঙ্গু হাসপাতাল) হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আহত দু’জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান ফেলে চালক পালিয়ে গেছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।